দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা | চ্যানেল আই অনলাইন

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা | চ্যানেল আই অনলাইন

দেশের আট জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযান ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Scroll to Top