টানা ভারী বৃষ্টিতে ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোমবার ১৩ জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ক্লাস কার্যক্রম চলবে।
রোববার ১২ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা এই স্থগিতাদেশের আওতাভুক্ত নয়। এসব প্রতিষ্ঠানের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবারের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের প্রস্তাবের ভিত্তিতে পরে ঘোষণা করা হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মুজাদ্দেদী আলফেছানী বলেন, দিনের বৃষ্টির কারণে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত-মৈত্রী হলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে সোমবার ক্লাস যথারীতি চলবে। এর আগে রোববার জলাবদ্ধতার কারণে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি পরীক্ষাও স্থগিত করা হয়। পাশাপাশি কয়েকটি বিভাগের ক্লাস বাতিল করা হয়েছিল।
শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পানি জমে যায়। প্রশাসনিক ভবন, শিক্ষক ক্লাব, কেন্দ্রীয় খেলার মাঠ, নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম হল, নীলক্ষেত, পলাশীর মোড়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত-মৈত্রী হল ও শহীদুল্লাহ হলসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
জলাবদ্ধতার কারণে কুয়েত-মৈত্রী হল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদুল্লাহ হলের অনেক শিক্ষার্থী হল থেকে বের হতে না পারার অভিযোগও জানিয়েছেন।



