সাভার পৌরসভার অধিকাংশ সড়কই এখন পানির নিচে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগ দেখা দিয়েছে তালবাগ ও ব্যাংক কলোনি এলাকায়, যেটিকে অনেকেই স্কুলের শহর নামে চেনেন। কারণ এই এলাকাতেই রয়েছে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।

হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন এলাকায় দোকানপাটে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এক যুগেরও বেশি সময় ধরে এ জলাবদ্ধতা সমস্যা থাকলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।
তাদের দাবি, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানিতে ডুবে যায় পুরো এলাকা।
সাভার পৌর এলাকার উত্তর তালবাগ ও পাকিজা এলাকায় অল্প বৃষ্টিতে থৈ থৈ পানিতেই তলিয়ে যায়। কয়েক দিনের ভারি বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার ফলে জন দুর্ভোগ চরমে পৌঁছেছে।
রোববারের ভারিবর্ষণে বৃষ্টির পানিতে হাঁটু পানিতে তলিয়ে রয়েছে চলাচলের পথ। ড্রেনের ময়লা পানি একাকার হয়ে সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। ফলে এলাকার বাসিন্দাদের অসহনীয় দুরবস্থা চরমে পৌঁছে গেছে। বর্ষা মৌসুমে অনেকে বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন।
এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও চরম বিপাকে পড়েছে। ভোগান্তির শিকার হয়েছেন এলাকার ক্ষুদ্র দোকানিরাও।
এলাকার বাসিন্দা ও ভ্রমণ বিষয়ক লেখক সাংবাদিক জাভেদ হাকিম এ প্রসঙ্গে বলেন, স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের নিজস্ব বাড়িঘর এখানে থাকা সত্ত্বেও, উত্তর তালবাগ নিবাসীরা জলাবদ্ধতার কারণে চরম বঞ্চনার শিকার। যাকে এক কথায় বলা যায়, বাত্তির নিচে অন্ধকার। এলাকাবাসী উত্তর তালবাগের জলাবদ্ধতা নিরসনসহ সাভারের সব ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ ভাঙাচোরা সড়ক মেরামতের জন্য সাভার পৌর কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের সদাশয় হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, সাভারের জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত কাজ চলছে এবং অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।



