ভোটার হওয়ার সময়সীমা বাড়াল ইসি, নিবন্ধনের সুযোগ ৩১ জুলাই পর্যন্ত – DesheBideshe

ভোটার হওয়ার সময়সীমা বাড়াল ইসি, নিবন্ধনের সুযোগ ৩১ জুলাই পর্যন্ত – DesheBideshe


ভোটার হওয়ার সময়সীমা বাড়াল ইসি, নিবন্ধনের সুযোগ ৩১ জুলাই পর্যন্ত – DesheBideshe

ঢাকা, ৩ জুলাই – আগামী জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নিবন্ধন কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্ব নির্ধারিত ৩০ জুনের পরিবর্তে এখন ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার সুযোগ থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের সময়সূচি নিয়ে কর্মকর্তাদের প্রস্তাবিত পরিকল্পনা কমিশন পর্যালোচনা করেছে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কত দিন পর্যন্ত চালানো সম্ভব, সে বিষয়ে বিশদ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি সুচারু করতে ভোটার তালিকা সংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনীও আনা হয়েছে, যা দ্রুতই প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আরও উল্লেখ করেন যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাঠ পর্যায়ের অনুরোধ এবং বর্তমান বাস্তবতা বিবেচনা করেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আগামী অক্টোবর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হলে এই বর্ধিত সময়সীমা কার্যকর রাখতে কোনো আইনি বা কারিগরি জটিলতা হবে না বলে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা।

এছাড়া আসন্ন নির্বাচনে সম্ভাব্য অতিরিক্ত ভোটকেন্দ্রের প্রয়োজনীয়তা নিরূপণ করে একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান।

এনএন/ ৩ জুলাই ২০২৬



Scroll to Top