অনেকের ধারণা, কাগজে শুধু সম্মানের খাতিরে বড় অঙ্ক লেখা হয়েছিল। কিন্তু ইসলামি ফিকহ ও রাষ্ট্রীয় আদালত কোনোটিই এই অজুহাত গ্রহণ করে না।
নবীজি (সা.) ঘোষণা করেছেন, “মুসলিমরা তাদের পারস্পরিক চুক্তির শর্তাবলিতে দায়বদ্ধ থাকে।” (সুনানে তিরমিজি, হাদিস: ১৩৫২)
যখন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কসম্পন্ন পুরুষ কাবিননামা বা বিবাহচুক্তিতে একটি নির্দিষ্ট অঙ্কে স্বাক্ষর করে, তখন ইসলামের পরিভাষায় সেটি নির্ধারিত দেনমোহর হয়ে যায় এবং তা বরের ওপর অপরিশোধ্য ঋণে পরিণত হয়।
ইবনে আবিদিন (রহ.) উল্লেখ করেছেন, যদি গোপন বৈঠকে একটি নির্দিষ্ট মোহর নির্ধারিত হয়, কিন্তু জনসমক্ষে অহমিকা ও বংশমর্যাদা প্রদর্শনের জন্য কাবিনে কয়েকগুণ বেশি অঙ্ক লিখে তাতে সম্মতি দেওয়া হয়, তবে কাজি বা বিচারক লিখিত চুক্তির ভিত্তিতেই প্রকাশ্য দেনমোহর কার্যকর করবেন।
বর যদি লিখিত দলিলের বিপরীতে দাবি করে যে এটি নিছক প্রদর্শনীর জন্য লেখা হয়েছিল, তবে অকাট্য সাক্ষ্যপ্রমাণ ছাড়া তার সেই দাবি ইসলামি আদালতে গ্রহণযোগ্য হবে না। (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৩/১০৩–১০৬, দারুল ফিকর, বৈরুত)