দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সেনেগালকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে ইউরোপের দলটি।
সিয়াটলের লুমেন ফিল্ডে বুধবার রাতের ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় সেনেগাল। ২৫ মিনিটে হাবিব দিয়ারা দলের হয়ে প্রথম গোল করেন। বিরতির পর ৪৯ মিনিটে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করলে জয়ের পথেই এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।
তবে শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৬ মিনিটে রোমেলু লুকাকুর গোলে আশা জাগায় বেলজিয়াম। তিন মিনিট পর ইউরি টেলেসমান্সের হেডে সমতায় ফেরে দলটি। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের যোগ করা মিনিটে ভিএআর পর্যালোচনার পর বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। রিপ্লেতে দেখা যায়, লামিনে কামারা বল না ছুঁয়েই টেলেসমান্সকে ফাউল করেছিলেন। ১২৫ মিনিটে স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন তিনি।
নাটকীয় এই জয়ে শেষ ষোলোতে উঠে গেছে বেলজিয়াম। আর জয়ের খুব কাছে গিয়েও হৃদয়ভাঙা বিদায় নিতে হয়েছে সেনেগালকে।



