বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি | চ্যানেল আই অনলাইন

২০২৬ বিশ্বকাপে ডিআর কঙ্গোর স্বপ্নযাত্রার অন্যতম নায়ক হয়ে উঠেছেন গোলরক্ষক লিওনেল এমপাসি। শেষ ৩২-এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে আলোচনায় উঠে এসেছেন ৩১ বর্ষী এই গোলরক্ষক।

১৯৯৪ সালের ১ আগস্ট ফ্রান্সের মিও শহরে কঙ্গোলিজ বাবা-মায়ের ঘরে জন্ম নেয়া এমপাসি শুরুতে ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেললেও পরে আন্তর্জাতিক ফুটবলে ডিআর কঙ্গোর প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।

ক্লাব ক্যারিয়ারে ইউএস তোরসি থেকে উঠে এসে পিএসজি ও তুলুজের একাডেমিতে খেলেছেন তিনি। তবে কোন ক্লাবের হয়েই সিনিয়র দলে অভিষেক হয়নি। ২০১৬ সালে রোদেজে যোগ দিয়ে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেন। ক্লাবটিকে লিগ টু-তে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ১৩০টির বেশি ম্যাচ খেলেন। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০২৫ সালে ফরাসি লিগ ওয়ানের ক্লাব লে আভরে যোগ দেন।

২০২২ সালে বাহরাইনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ডিআর কঙ্গোর জার্সিতে অভিষেক হয় এমপাসির। এরপর দ্রুতই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসে ডিআর কঙ্গোকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই আসরে মিসরের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও করেছিলেন তিনি।

গোলরক্ষক হয়েও গোল করার বিরল কীর্তিও আছে এমপাসির। ২০২৪ সালের অক্টোবরে রোদেজের হয়ে লরিয়াঁর বিপক্ষে যোগ করা সময়ে হেড থেকে নিজের পেশাদার ক্যারিয়ারের প্রথম গোল করেন।

চলতি বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স ডিআর কঙ্গোর ইতিহাস গড়ার অভিযানে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে একাধিক দুর্দান্ত সেভ করে নিজেকে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এমপাসি।

Scroll to Top