অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোর টিকিট কাটে ব্রাজিল। ২৯ মিনিটে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় সেলেসাওরা। শেষ ষোলোতে প্রতিপক্ষ কে হবে তা নিয়ে অপেক্ষা থাকলেও তা ফুরিয়েছে। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে পেয়েছে তারা। তবে দেশটির বিপক্ষে কখনও জয়ের রেকর্ড নেই ব্রাজিলের।
ডালাস শেষ ৩২ এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে নরওয়ে। আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে নরওয়ে।
নরওয়ে ও ব্রাজিল সবমিলিয়ে মোট চারবার মুখোমুখি হয়েছিল। যার মধ্যে দুটিতে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি হয়েছে ড্র। ১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।
নরওয়ে ব্রাজিলকে আরেকবার হারিয়েছে প্রীতি ম্যাচে। ১৯৯৭ সালের ৪-২ গোলে সেলেসাওদের বিপক্ষে জয় পায় তারা। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। শেষবার দুদল মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের আগস্টে। সেই ম্যাচও ১-১ গোলে ড্র হয়।




