সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল | চ্যানেল আই অনলাইন

সতর্ক স্কালোনি বলছেন কেপ ভার্দে ভালো দল | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে গ্রুপপর্ব শেষ, শুরু হচ্ছে শেষ ৩২ দলের নকআউট লড়াই। তার আগে শুরু হয়েছে প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ, বড় ছোট দলের আলোচনা। যোগ হয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিও। সতর্ক এ কোচ বলছেন, কেপ ভার্দে ভালো দল।

গ্রুপপর্বে টানা তিন জয়ের পর কথা বলেছেন স্কালোনি। নকআউট প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে বলেছেন, ‘কেপ ভার্দে ভালো দল এবং গ্রুপের বাকি প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে ফেলেছিল। তারা কঠিন প্রতিপক্ষ বলছি এ কারণে যে, স্পেনের সাথে যা হয়েছিল সেটা আমাদের সাথেও হতে পারে।’

‘স্পেন বিশ্বকাপের অন্যতম ফেভারিট একটি দল। তেমন হয়েছে উরুগুয়ে, সৌদি আরবের সাথেও। বিশ্বকাপে এখন পর্যন্ত যা দেখছি তাতে আমাদের সতর্ক হতে হবে। একটি ভালো দলের সাথে তাদের গুণের মিশ্রণ এবং দ্রুতগতিও যোগ হয়েছে।’

খেলার সময় নিয়ে কিছুটা বিরক্ত স্কালোনি বলেছেন, ‘আমরা প্রচণ্ড গরমের মধ্যে এমন একসময়ে খেলতে যাচ্ছি যা বোঝা কঠিন। তবে সবাইকেই এমন পরিস্থিতিতে খেলতে হয়েছে, তাই আমাদের কোন অভিযোগ করার সুযোগ নেই।’

বিশ্বকাপে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সকালে জর্ডানের বিপক্ষে নেমে ৩-১ গোলের জয়ে টানা তিন সাফল্য ঘরে তুলেছে। ম্যাচে তৃতীয় গোলটি করেন লিওনেল মেসি, ৬০ মিনিটে বদলি হয়ে নেমেছিলেন তিনি। তার দুই রেকর্ড গড়া গোলের স্মৃতি নিয়ে নকআউটে কেপ ভার্দের বিপক্ষে নামার অপেক্ষায় আলবিসেলেস্তে দল।

Scroll to Top