মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমসিসি। তামিমের সাথে আরও চারজনকে এই সম্মাননা দেয়া হয়েছে।
বাংলাদেশের হয়ে আগে মাত্র দুজন এ সম্মাননা স্বীকৃতি পেয়েছেন। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এমসিসির সম্মানে ভূষিত হয়েছিলেন।
তামিমের সাথে আরও যারা সদস্য হলেন- নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোনস এবং ভারতের চেতেশ্বর পূজারা। তাদের মধ্যে সুজি বেটস ও সোফি ডিভাইন আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।
এমসিসি বিজ্ঞপ্তিতে তামিমকে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার উল্লেখ করেছে। ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর তিনি পাঁচ হাজারের বেশি টেস্ট রান করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২৪৩টি ওয়ানডেতে আট হাজারের বেশি রান করে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রাহক তিনি।
২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে তামিম এমসিসির ঐতিহ্যবাহী অনার্স বোর্ডেও জায়গা করে নেন। ২০১১ সালে তিনি উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পান।
ঐতিহ্যবাহী সম্মানসূচক আজীবন সদস্যপদ ক্রিকেটে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের দেয়া হয়। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি ক্রিকেট আইনের অভিভাবক হিসেবে স্বীকৃত।




