আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পের কম্পন আফগানিস্তানের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লি, দিল্লি-এনসিআর এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যায় ভূমিকম্পটি হয়েছে।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল। গভীরতায় সংঘটিত হওয়ায় কম্পনটি উৎপত্তিস্থল থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের পর দিল্লি ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বহু মানুষ ভূমিকম্প অনুভূতির অভিজ্ঞতা শেয়ার করেন।
তবে তাৎক্ষণিকভাবে আফগানিস্তান বা ভারতে এ ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


