শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম | চ্যানেল আই অনলাইন

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম | চ্যানেল আই অনলাইন

মায়ের মৃত্যুর শোক কাটিয়ে আবারও ফ্রান্সের বিশ্বকাপ দলে সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ দিদিয়ের দেশম। শনিবার ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) সংক্ষিপ্ত এক বার্তায় জানায়, ‘দিদিয়ে আমাদের সঙ্গে আছেন।’

মায়ের শেষকৃত্যে অংশ নিতে কয়েক দিন আগে ফ্রান্সে ফিরেছিলেন দেশম। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরদিনই তিনি যুক্তরাষ্ট্রে দলের ক্যাম্পে ফিরে আসেন। তার অনুপস্থিতিতে নরওয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ে ডাগআউটে দায়িত্ব পালন করেন সহকারী কোচ স্তেফোঁ। ম্যাচ শেষে তিনি জানান, দলটি এই জয় কোচের কঠিন সময়ের পাশে থাকার মানসিকতা নিয়েই অর্জন করেছে।

২০১৮ সালে দেশমের কোচিংয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ আসরেও তারা ফাইনালে আর্জেন্টনার সঙ্গে টাইব্রেকারে হেরে রানার্সআপ হয়। খেলোয়াড় হিসেবেও দেশম ফ্রান্সের ইতিহাসের অন্যতম সফল নাম। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে দেশকে প্রথম বিশ্বকাপ জেতানোর পাশাপাশি ২০০০ সালে অবসরের আগে জাতীয় দলের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছিলেন।

এবারের বিশ্বকাপে ‘আই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ উঠেছে ফ্রান্স। আগামী মঙ্গলবার নিউ জার্সিতে নকআউট পর্বে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

Scroll to Top