‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭ নেতা-কর্মীর লাশ ভাসছে’- এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
আজ শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মহল এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদরদপ্তর আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বা গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ বলেছে, এ ধরনের অপপ্রচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


