ঈদুল আযহার আলোচিত সিনেমাগুলোর একটি ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাটি এখনো চলছে প্রেক্ষাগৃহে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্ট সিনেপ্লেক্সে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনী উপলক্ষে সমাগম ঘটে দেশবরেণ্য বিভিন্ন ব্যক্তিত্ব ও শিল্পীর।
সিনেমাটি দেখতে এসেছিলেন গুণী অভিনেতা আবুল হায়াত। সিনেমা দেখা শেষে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রবীণ এই অভিনেতা বলেন, ‘বনলতা সেন’ দেখতে গিয়ে দুই ঘণ্টা কখন পেরিয়ে গেল, সেটা টেরই পাইনি।
নিজের মুগ্ধতার কথা জানিয়ে এসময় তিনি বলেন, নাটকের অনেক অভিনয়শিল্পীকে ‘বনলতা সেন’ সিনেমায় দেখলাম, তাদের যে অভিনয় প্রতিভা সত্যি সত্যি কী আছে- সেটা সিনেমায় এসে দেখলাম।
এসময় তিনি জীবনানন্দ দাশের চরিত্রে ছোটপর্দার তারকা অভিনেতা খায়রুল বাসারের প্রশংসা করেন। তিনি বলেন, বাসার তো অসাধারণ। আমি ওকে বললাম তো, তুই এখানে আর সেই নাটকের বাসার নও। এই অভিনয়টাই আমরা তোমার কাছ থেকে দেখতে চাই সব সময়। তার আসল যে প্রতিভা, সেটা নির্মাতা এই সিনেমায় তুলে ধরেছেন।
শুধু খায়রুল বাসার নয়, সোহেল মন্ডলসহ সিনেমায় যারাই অভিনয় করেছেন- সবার অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেন বহু নাটক সিনেমার এই গুণী শিল্পী।
আবুল হায়াত ছাড়াও ‘বনলতা সেন’-এর এই বিশেষ শোতে এদিন উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, এলিটা করিম, কণা, সব্যসাচী হাজরা, সাবরিনা আইরিন, মোস্তফা মনোয়ার, মুস্তাফিজুর নুর ইমরান, মুনজেরিন শহিদ, মাসুম রেজা প্রমুখ।
শুধু শোবিজ অঙ্গন নয়, এদিন সিনেমাটি দেখতে আমন্ত্রিত ছিলেন সমাজ কর্মী ও পরিবেশবাদী খুশি কবির, অধ্যাপক সামিনা লুৎফা, দ্য ডেইলি স্টার এর উপ-সম্পাদক অরুণ দেবনাথ, এডকম-এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা এএসএম ফেরদৌস হাসান নেভিল, হইচই বাংলাদেশ এর দেশীয় পরিচালক শাকিব আর খান, ইউএন ওমেন এর দেশীয় প্রধানসহ অনেকে।
চলচ্চিত্র প্রদর্শনীর পর আমন্ত্রিত অতিথিরা গণমাধ্যমের সাথে আলাপ বিনিময় করেন এবং বনলতা সেন দেখে তাঁদের মুগ্ধতা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের ভূয়সী প্রশংসায় ভাসছে চলচ্চিত্রটির নির্মাতা এবং অভিনয়শিল্পীরা।





