হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক, বিশ্ববাজারে কমল তেলের দাম | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক, বিশ্ববাজারে কমল তেলের দাম | চ্যানেল আই অনলাইন

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সরবরাহ পরিস্থিতির উন্নতির ফলে শুক্রবার (২৬ জুন) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ শতাংশ কমেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গ্রিনিচ মান সময় ভোর ৪টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৭ ডলার বা ১ দশমিক ৯৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৪৪ ডলার বা ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়।

এদিকে প্রায় চার মাস বিরতির পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম শুরু করেছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, বর্তমানে দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি)-এ তেল বোঝাই করা হচ্ছে এবং আরও একটি জাহাজ লোডিংয়ের অপেক্ষায় রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনের সক্ষমতা রয়েছে।

স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেলবাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চীনে প্রত্যাশার তুলনায় দুর্বল চাহিদা থাকায় বাজারে বিক্রির চাপ বেড়েছে, যা দামের ওপর প্রভাব ফেলছে।

এর আগে ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলার ঘটনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। ওই ঘটনার পর জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) নিরাপদে জাহাজ সরিয়ে নেওয়ার স্বেচ্ছাসেবী কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করে।

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজটিতে ইরানের পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করে ইরান জানিয়েছে, নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজের নিরাপত্তার দায়িত্ব তারা নেবে না।

আইএনজি ব্যাংকের বিশ্লেষকদের মতে, বর্তমানে যেসব তেলবাহী জাহাজ চলাচল করছে, সেগুলোর বেশির ভাগই সাম্প্রতিক সংঘাতের সময় উপসাগরীয় অঞ্চলে আটকে পড়েছিল। এসব জাহাজ গন্তব্যে পৌঁছে গেলে তেল পরিবহনের গতি আবার কিছুটা কমে যেতে পারে বলেও তারা মনে করছেন।

অন্যদিকে, বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে দেশটির তেলক্ষেত্র, শোধনাগার, পাইপলাইন ও রপ্তানি টার্মিনালের প্রাথমিক মূল্যায়নে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Scroll to Top