প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও  | চ্যানেল আই অনলাইন

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও  | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপে ফিরে চমক দেখাল আইভরি কোস্ট। নিজেদের চতুর্থ বিশ্বকাপ আসরে খেলতে নেমে প্রথমবার গ্রুপপর্বের বৈতরণী পার হয়েছে আফ্রিকার দেশটি। গ্রুপপর্বের শেষ ম্যাচে কুরাসাওকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। অন্যদিকে জার্মানিকে চমকে দিল ইকুয়েডর। আগেই নকআউট পর্ব নিশ্চিত করা চারবারের চ্যাম্পিয়নদের হারিয়ে দ্বিতীয়বার নকআউটের টিকিট কেটেছে তারাও।

ফিলাডেলফিয়া লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে কুরাসাওকে ২-০ গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আফ্রিকার দেশটির হয় জোড়া গোল করেছেন নিকোলাস পেপে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে জার্মানিকে ২-১ গোলে হারিয়েয়েছে ইকুয়েডর। লাতিন আমেরিকার দেশটির হয়ে গোল করেছেন নিলসন অ্যাঙ্গুলো ও গঞ্জালো প্লাতা। জার্মানির একমাত্র গোলটি করেছেন লেরয় সানে।

গ্রুপপর্বের লড়াইয়ে নিজেদের প্রথম দুটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে আগেই নকআউট নিশ্চিত করে। অন্যদিকে আইভরি কোস্ট জার্মানির কাছে হারের পর ইকুয়েডরের বিপক্ষে জিতেছিল, শেষ ম্যাচে কুরাসাওকে হারায় তারা। সমান ৬ পয়েন্ট আফ্রিকার দেশটিরও। তবে মুখোমুখি লড়াইয়ে জার্মানি জয় পাওয়ায় আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত হয় জার্মানির। রানার্সআপ হয়ে প্রথমবার নকআউটে আইভরি কোস্ট। এদিকে জার্মানির বিপক্ষে জয় তুলে নিয়ে ইকুয়েডরের পয়েন্ট এখন ৪, সেরা তিনে থাকা আট দলের দৌড়ে বেশ এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করেছে। আর ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে প্রথমবার বিশ্বকাপে আসা কুরাসাও।

মেটলাইফে ম্যাচের শুরুতে লিড পায় জার্মানি। দ্বিতীয় মিনিটে ইকুয়েডর জালে বল জড়ান লেরয় সানে। তবে নবম মিনিটে লাতিন দেশটিকে সমতায় ফেরান নিলসন অ্যাঙ্গুলো। ১-১ সমতায় প্রথমার্ধ শেষের পর ম্যাচের ৭৮ মিনিটে চমক দেখায় ইকুয়েডর। গঞ্জালো প্লাতা গোল করে জার্মানিকে স্তব্ধ করে দেন। পরে ২-১ ব্যবধানে বিশ্বকাপে প্রথমবার জার্মানির বিপক্ষে জয় নিশ্চিত করে ইকুয়েডর। তাতে দ্বিতীয়বারের মত নকআউটে উঠে দেশটি।

লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে অন্য ম্যাচে জোড়া গোল করেন আইভরি কোস্ট ফরোয়ার্ড নিকোলাস পেপে। ম্যাচের সপ্তম মিনিটে গোল আদায় করেন তিনি। এরপর ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন। লিড ধরে রেখে ইতিহাস গড়ে আফ্রিকার দেশটি।

Scroll to Top