৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে আর্জেন্টিনার নকআউটপর্ব নিশ্চিত হয়েছে আগেই। একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়নও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি লিওনেল মেসিদের জন্য নিয়মরক্ষার বলা চলে। আর এই ম্যাচে শুরুর একাদশে একাধিক পরিবর্তন আনতে পানে কোচ লিওনেল স্কালোনি।

আগামী রোববার সকাল ৮টায় ডালাস মুখোমুখি হবে জর্ডান ও আর্জেন্টিনা। এই ম্যাচে বিশ্বকাপে অভিষেক হতে পারে আর্জেন্টিনা স্কোয়াডের কয়েকজনের। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে এই খবর।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি। তার পরিবর্তে জেরোনিমো রুল্লি বা হুয়ান মুসো যে গোলরক্ষকই নামেন, বিশ্বকাপ অভিষেক হবে তাদের। রক্ষণভাগে চোটের কারণে জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না ক্রিস্টিয়ান রোমেরো। অস্ট্রিয়া ম্যাচে ডান হাঁটুতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তার পরিবর্তে নতুন আসা মার্কোস সেনেসি বিশ্বকাপে অভিষেকের সুযোগ পেতে পারেন।

মিডফিল্ডে বিশ্বকাপ অভিষেক হতে পারে জিওভানি লে সেলসো ও ভ্যালেন্টিন বারকোর। আক্রমণভাগে দেখা যেতে পারে হোসে ম্যানুয়েল লোপেজ ও জুলিয়ানো সিমিওনেকে। এছাড়া শুরুর একাদশে দেখা যেতে পারে নিকোলাস ওটামেন্ডি ও নিকোলাস তাগলিয়াফিকোকে।

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরোনিমো রুল্লি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, ইজিকুয়েল পালাসিওস, লিয়েন্দ্রো পারেদেস, ভ্যালেন্টিন বারকো, লিওনেল মেসি, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস।

Scroll to Top