দেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৯ জনে।
বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মারা গেছে ৫৯৬ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬৮৯।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭৬০ জনে। এদিকে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। চলতি প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে দেশে মোট ১১ হাজার ৩৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৩৭ জন। তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। হামের বিস্তার রোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



