মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন | চ্যানেল আই অনলাইন

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন | চ্যানেল আই অনলাইন

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলার শিবালয় উপজেলার কাসাদহ খালের পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন দুই মন্ত্রী। এ সময় তারা বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

পরিদর্শনকালে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, একটি দেশের পানিবণ্টনে বৈষম্যের কারণে বাংলাদেশের নদ-নদীগুলো পর্যাপ্ত পানি পাচ্ছে না এবং ক্রমেই শুকিয়ে যাচ্ছে। তিনি বলেন, তিস্তা নদী বর্তমানে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অবহেলা, অযত্ন ও উদাসীনতার কারণে দেশের অনেক নদী সংকুচিত হয়ে খালে পরিণত হয়েছে। এসব নদী ও খাল পুনরুদ্ধারে সরকার বৃহৎ পরিসরে পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে।

খাল খনন কাজে অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, যা অল্প সময়ে দূর করা সম্ভব নয়। তবে খাল পুনঃখনন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

পরে মন্ত্রীদ্বয় দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরও দুটি খালের পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খানসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top