বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেওয়ার পরই অপ্রত্যাশিত সমস্যায় পড়েছে মিসর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর দলটির সিয়াটলে যাওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ।
ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও মোস্তাফা জিকো, মোহাম্মদ সালাহ ও মাহমুদ ত্রেজেগের গোলে জয় পায় মিশর। ফলে ‘জি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে উত্তর আফ্রিকার দেশটি।
ম্যাচ শেষে মিশর সরাসরি যুক্তরাষ্ট্রের সিয়াটলে যেতে চেয়েছিল, যেখানে ২৭ জুন ইরানের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তাজনিত কারণে সেই অনুমতি না পাওয়ায় দলকে আবার ওয়াশিংটনের স্পোকেনে অবস্থিত তাদের ট্রেনিং বেসে ফিরে যেতে হয়েছে।
মিসর কোচ হোসাম হাসান এক বিবৃতিতে জানান, খেলোয়াড়দের ভ্রমণজনিত ক্লান্তি কমাতে তারা সিয়াটলে থাকতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে।
এদিকে ভ্রমণসংক্রান্ত সমস্যায় ভুগছে ইরানও। দলটি যুক্তরাষ্ট্রে ম্যাচ খেললেও অনুশীলন করছে মেক্সিকোর তিজুয়ানায়। বিষয়টি নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছেন কোচ আমির ঘালেনোই।
বর্তমানে ‘জি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিশর। ইরান ও বেলজিয়ামের সংগ্রহ ২ পয়েন্ট করে, আর নিউজিল্যান্ডের ১। ইরানের বিপক্ষে ড্র করলেও পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে মিশরের, তবে জয় পেলে নিশ্চিত হবে নকআউট পর্ব।



