বিরতির পর গোল পেতে মরিয়া পর্তুগাল আক্রমণের ধার একটু বাড়াতে পেরেছে। কিন্তু এ সময় পাঁচটি শটের একটিও লক্ষ্যে ছিল না। পরের অর্ধে রক্ষণ জমাট করতে গিয়ে ডিআর কঙ্গোও সেভাবে আর পর্তুগালের বক্সে ঢুকতে পারেনি। পর্তুগালের ঘুম এ সময় ভাঙার আরেকটি কারণ সম্ভবত রোনালদো। বিরতির পর সতীর্থ ভিতিনিয়াকে সময় নিয়ে কিছু বলতে দেখা যায় রোনালদোকে। আগে পাঁচটি বিশ্বকাপ খেলে আসার অভিজ্ঞতা থেকে রোনালদো সম্ভবত এ অর্ধে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিয়েছেন সতীর্থদের।
কিন্তু আক্রমণভাগের নেতা হয়ে রোনালদো নিজেই তো কিছু করতে পারেননি। গোটা ম্যাচে মাত্র ২৫ বার বল টাচ করতে পেরেছেন—যেটা তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারে অন্তত ৮০ মিনিট খেলা ম্যাচগুলোর মধ্যে সর্বনিম্ন। এতটা ‘ফ্লপ’ রোনালদোকে কোচ রবার্তো মার্তিনেজ কেন আগেভাগে তুলে নিলেন না, সেটাও একটা প্রশ্ন।


