ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ ও উত্তেজনা চলছে। বিশ্বকাপ খেলতে ইরানের একসময় যুক্তরাষ্ট্রে যাওয়াই অনিশ্চিত হয়ে পড়েছিল। এরপর শঙ্কা কাটে, ভিসা জটিলতা কাটে, ক্যাম্প মেক্সিকোতে সরে আসে, শর্ত মেলে সকালে যুক্তরাষ্ট্রে পৌঁছে ম্যাচ খেলে আবার মেক্সিকোয় ফেরত যাবে ইরান ফুটবল দল। সোমবার সেই যাতায়াত পর্ব শুরু হল। গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখে এশিয়ার দলটি।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার এমন ঘটল, যেখানে আয়োজক (যুক্তরাষ্ট্র) একটি দেশ ও খেলতে আসা একটি দেশের (ইরান) মধ্যে যুদ্ধ চলছে। ১৬ জুন সকাল ৮টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে ইরান দল।
মেকিক্সোর তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের পথে রওনা হয় ইরান। দলের স্ট্রাইকার মেহদী তারেমি বলেছেন, বিশ্বকাপে তাদের অংশগ্রহণকে ঘিরে সৃষ্ট বিতর্ক ও বিশৃঙ্খলা ফিফার শান্তির বার্তাকে ক্ষুণ্ণ করছে।
অলিম্পিয়াকোসে খেলা তারেমি বলেছেন, ‘এধরনের উত্তেজনা আনন্দকে ক্ষুণ্ণ করে। এটি ফিফা ও আমাদের জনগণের বার্তাকেও দুর্বল করে দেয়, যা ফুটবল ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে বলে।’
ফিফার প্রতি অভিযোগ জানিয়ে তারেমি বলেছেন, ‘মনে করি এই বিশ্বকাপে ফিফা এরচেয়ে আরও ভালো একটি পরিবেশ দিতে পারত। আশা করি ভবিষ্যতে সকল সমর্থকদের জন্য এ আয়োজন আরও ভালো হবে।’



