
ওয়াশিংটন, ১৫ জুন – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। সেখান থেকে তিনি শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে সরাসরি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হন। ট্রাম্পের এই সফরকে ঘিরে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা ও হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যপক আগ্রহ তৈরি হয়েছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার জেনেভা বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান অবতরণ করে। পরবর্তীতে তিনি ফ্রান্সের ইভিয়ান শহরের উদ্দেশ্যে রওনা দেন যেখানে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি অবসান এবং মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার আলোচনা চলছে। জি-৭ নেতারা আশা করছেন যে, ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিটি বাস্তবে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হবে।
গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করবেন ট্রাম্প।
এনএন/ ১৫ জুন ২০২৬






