বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

মাঠের বাইরের নানা ঘটনা পিছু ছাড়ছে না ইংল্যান্ড দলকে। তাদের অনুশীলন ক্যাম্পের শহরে গোলাগুলি, অনুশীলন সরঞ্জাম চুরির ঘটনার পর টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল থমাস টুখেলের দল।

কানসাস সিটিতে নিজেদের প্রথম সন্ধ্যায় টর্নেডো সতর্কতার কারণে ইংল্যান্ডের খেলোয়াড়রা ঘরে আটকা পড়েছিলেন। শনিবার মধ্যাহ্নে ফ্লোরিডা থেকে আসার পরের ঘটনা এটি।

ইংল্যান্ড দলের ২৬ সদস্যই ভিক্টরি ফিল্ডে একটি আলোচনায় অংশ নেন। কিন্তু সন্ধ্যার দিকে প্রবল ঝড় আসে এবং স্থানীয় এলাকার মানুষের ফোনে জরুরি সতর্কবার্তা আসে। যেখানে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়। একই বার্তা আসে ইংলিশ দলের ম্যানেজমেন্টের কাছেও।

ইংল্যান্ড খেলোয়াড়দের ফোনে আসা সতর্কবার্তা ছিল এমন, ‘গুরুতর। আসন্ন বিপদের সতর্কতা। জাতীয় আবহাওয়া পরিষেবা: এই এলাকায় ঘণ্টায় ৮০ মাইল বেগের বিধ্বংসী বাতাসের জন্য রাত ৯টা পর্যন্ত তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি রয়েছে।’

‘কোন মজবুত ভবনে আশ্রয় নিন, জানালা থেকে দূরে থাকুন। উড়ন্ত ধ্বংসাবশেষ আশ্রয়হীনদের জন্য প্রাণঘাতী হতে পারে। নিজের সুরক্ষার জন্য, কোন ভবনের সর্বনিম্ন তলার ভেতরের কোন কক্ষে চলে যান।’

ইংল্যান্ড যে এলাকায় অবস্থান করছে, সেটি টর্নেডো থেকে রক্ষা পেলেও প্রচণ্ড বাতাস, বজ্রপাত, বিদ্যুৎ চমক ও ভারী বৃষ্টিসহ ভয়াবহ ঝড়ের কবলে পড়েছিল।

Scroll to Top