মরমি কবি ও গীতিকার দেওয়ান হাছন রাজা চৌধুরীর গান ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে এক বিশেষ লোকসংগীতানুষ্ঠানের।
বিশ্ব সংগীত দিবস উদযাপন এবং বাংলার সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্যকে তরুণদের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে ‘বাংলার গান: প্রাণ বন্ধের সনে’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১২ জুন) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে হয়েছে এই অনুষ্ঠানটি। এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রাকৃতিক স্বাস্থ্যবিষয়ক ব্র্যান্ড ‘মায়া’ যৌথভাবে এই আয়োজন করে।
পুরো আয়োজনটি উৎসর্গ করা হয় দেওয়ান হাছন রাজাকে। সংগীত, গল্পকথন এবং সৃজনশীল শিল্পভাবনার মাধ্যমে হাছন রাজার দর্শন, জীবনবোধ ও সংগীতের চিরন্তন প্রাসঙ্গিকতাকে অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সংগীত পরিচালক ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। তার শিল্পভাবনা ও সংগীত বিন্যাসে হাছন রাজার গানগুলো নতুন আবহে পরিবেশিত হয়।
সন্ধ্যাজুড়ে পরিবেশিত হয় হাছন রাজার জনপ্রিয় সব গান। সুর, দর্শন ও আবেগের এক অপূর্ব মেলবন্ধনের মধ্য দিয়ে দর্শকরা যেন ফিরে যান সেই প্রকৃতি, হাওর সংস্কৃতি, লোকজ দর্শন ও আধ্যাত্মিক ভাবধারার জগতে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী। তিনি নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ঐতিহ্যকে অর্থবহভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং শিল্প, সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে সমসাময়িক দর্শকের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এম ডব্লিউ এর ধারাবাহিক উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘শুরু থেকেই এম ডব্লিউ বিশ্বাস করে, সংস্কৃতি কেবল তার মূল রূপে সংরক্ষণ করার বিষয় নয়; বরং তা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে ব্যাখ্যা, অনুভব ও পৌঁছে দেওয়ারও বিষয়। এই আয়োজন সেই বিশ্বাসেরই বহিঃপ্রকাশ।’
তিনি আরও বলেন, ‘এম ডব্লিউ-এর সাংস্কৃতিক উদ্যোগগুলো বরাবরই এমন একটি পরিসর তৈরির চেষ্টা করেছে, যেখানে সাহিত্য, সংগীত, শিল্প ও ঐতিহ্য সমসাময়িক দর্শকের সঙ্গে অর্থবহ সংযোগ স্থাপন করতে পারে। একই সঙ্গে তিনি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর সাংস্কৃতিক ও সৃজনশীল উদ্যোগে অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ।
তিনি বলেন, ‘বাংলার গান: প্রাণ বন্ধের সনে’-এর মত আয়োজন নতুন প্রজন্মকে দেশের মূল্যবান সংগীত ঐতিহ্যের সঙ্গে পুনরায় পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।’
পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উদযাপনে এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মায়ার এই বিশেষ অনুষ্ঠানটি আগামী ২১ জুন রাত সাড়ে ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।



