গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই আসল বাস্তবতা! সংসদে অভিযোগ রুমিন ফারহানার – DesheBideshe

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই আসল বাস্তবতা! সংসদে অভিযোগ রুমিন ফারহানার – DesheBideshe


গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটাই আসল বাস্তবতা! সংসদে অভিযোগ রুমিন ফারহানার – DesheBideshe

ঢাকা, ৭ জুন – দেশের গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নের সময় তিনি এই তথ্য জানান।

রুমিন ফারহানা বলেন, একে লোডশেডিং বা মেরামতের জন্য বিদ্যুৎ বন্ধ রাখা যা-ই বলা হোক না কেন, বাস্তবতা হলো গ্রামীণ জনপদে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না।

সংসদ সদস্য তার বক্তব্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের বিষয়টিও উত্থাপন করেন। তিনি জানান, গত ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এক মাসের বেশি সময় পার হওয়ার পর এখনো তা কার্যকর হয়নি।

সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার চেয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করাকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গ্যাসের সীমাবদ্ধতার কারণেই আশুগঞ্জ সার কারখানায় এখনো সংযোগ দেওয়া সম্ভব হয়নি।

মন্ত্রী আরও উল্লেখ করেন যে, গত ১৭ বছরে দেশে কোনো ড্রিলিং বা খনন কাজ করা হয়নি। বর্তমানে খনন কাজ শুরু হয়েছে এবং আশানুরূপ গ্যাস পাওয়া গেলে দ্রুতই সার কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।

আলোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে তার আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। মন্ত্রী এক তারিখ থেকে গ্যাস দেওয়ার কথা বলেছিলেন উল্লেখ করে স্পিকার বলেন, সংসদে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে বিশ্লেষণ করে দেখা উচিত। ভবিষ্যতে যেকোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এনএন/ ৭ জুন ২০২৬



Scroll to Top