বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহিম, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির আব্বাস ও ফাহিম খসরুরা। হেরে গেছেন সাবেক পরিচালক আমজাদ হোসেন ও ফায়াজুর রহমান মিতু।
রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে ভোট দেন ভোটাররা। বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পর ফল গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়।
ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এই ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন সৈয়দ বোরহানুল হাসান পাপ্পু (৪০), আমজাদ হোসেন (৩২) ফায়াজুর রহমান মিতু (২৩), মেজর ইমরোজ আহমেদ (২০)।
যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু। মাসুদুজ্জামান ৭০ এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শাহনিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। সাকিফ আহমেদ সালাম ৬৫, আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়েছেন।
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ভোট হয়েছে দুটি বিভাগে- খুলরা ও বরিশাল। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় সেখানে সরাসরি ভোটগ্রহণ হয়। বরিশাল বিভাগ থেকে একজন ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। খুলনা বিভাগ থেকে শান্তুনু ইসলাম ও শফিকুল আলম। দুজনেই ১০টি করে ভোট পেয়েছেন।
বাকি বিভাগগুলো থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। ফেনী জেলা ক্রীড়া সমিতির একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের পর চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। একইভাবে ঢাকা বিভাগ থেকে সৈয়দ বিন জামান ও এস. এম. আব্দুল্লাহ আল ফুয়াদ এবং রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সাল আমিন ও সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সরাসরি নির্বাচিত হন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এনএসসি থেকে মনোনীত সেই দুই পরিচালক হলেন- শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।




