রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে আনা-নেওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে না দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (২ জুন) মঙ্গলবার ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিহত শিশুর বাবার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের সূচনা হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই নির্দেশনা দেন।
শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, বিচারকের সামনে ছাড়া কোনো আসামির অন্য কারও সামনে বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। আদালতে আনা-নেওয়ার সময় সোহেল রানা বিভিন্ন মন্তব্য করছেন, যা গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। এতে বিচার কার্যক্রম প্রভাবিত হওয়ার পাশাপাশি মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপর আদালত পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এদিন সকালে প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং অপর আসামি স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।




