রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী – DesheBideshe

রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী – DesheBideshe


রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী – DesheBideshe

ঝিনাইদহ, ৩১ মে – শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের কাছে থাকা পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদ আয়োজিত ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে আইনমন্ত্রী উল্লেখ করেন যে, সংশ্লিষ্ট কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। বিরোধী দল পরবর্তীতে তাদের সিদ্ধান্ত জানাবে বলেছে এবং বর্তমানে সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মাদকের ভয়াবহতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সমাজ ও রাষ্ট্রকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করা সকলের দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং এই লড়াইয়ে সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরকারি উদ্যোগের কথা তুলে ধরে আইনমন্ত্রী জানান, সরকার সারাদেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারাদেশে বিস্তৃত করা হবে।

এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ৩১ মে ২০২৬



Scroll to Top