বর্তমান সময়ে বৃষ্টি নামলেই অনেক মানুষ বিরক্ত হয়। কেউ যানজটের কথা ভাবে, কেউ কাদা-পানির ঝামেলায় অসন্তুষ্ট হয়। অথচ একজন সচেতন মুমিনের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত ভিন্ন।
বৃষ্টির ফোঁটার সঙ্গে আল্লাহর রহমত নেমে আসে— এই অনুভূতি হৃদয়ে জাগ্রত থাকলে তার অন্তর আল্লাহমুখী হয়ে উঠবে। এতে সে নিজের গুনাহের ক্ষমা, রিজিকের বরকত, রোগমুক্তি, নেক সন্তান, ইসলামের ওপর অবিচলতা এবং আখেরাতের সফলতার জন্য দোয়া করতে পারবে।
বিশেষ করে যে-সব দোয়া মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বৃষ্টির সময় সে দোয়াগুলো আন্তরিকভাবে করা উচিত। তবে দোয়া শুধু মুখে করলেই হবে না, তা কবুলের জন্য হালাল উপার্জন, গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্যও জরুরি।
হারাম ভক্ষণকারী ও অবাধ্য মানুষের দোয়া সহজে কবুল হয় না। তাই বৃষ্টির সময় দোয়া করার পাশাপাশি নিজের জীবনও ইসলামের আলোকে গড়ে তোলার চেষ্টা করতে হবে।
-
ফয়জুল্লাহ রিয়াদ : মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ



