ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, তিন দিনে মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে।
আজ ৩০ মে শনিবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান হালনাগাদ বিবরণীতে এই তথ্য জানান। তথ্য অনুযায়ী, ঈদের দিন ২৮ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে অপসারণ করা হয়। পরদিন ২৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আরও ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য সেখানে ডাম্পিং করা হয়েছে।
এছাড়া আজ দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে ঈদের দিন থেকে শনিবার দুপুর পর্যন্ত মোট ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য চূড়ান্তভাবে অপসারণ ও ডাম্পিং করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ডিএসসিসি জানিয়েছে, নগরবাসীকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কোরবানির বর্জ্য দ্রুত সংগ্রহ ও অপসারণে তাদের পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।





