বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসির সাম্প্রতিক চোট নিয়ে কথা বলেন আলবিসেলেস্তে কোচ। একই সঙ্গে তিনি বিশ্বকাপের চূড়ান্ত দলে চমকের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি।

গত সোমবার ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন মেসি। এরপর তিনি নিজেই মাঠ ছাড়ার ইঙ্গিত দেন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান। এতে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ তৈরি হয়।
তবে পরদিন ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের কিছুটা স্বস্তির খবর দেওয়া হয়। ইন্টার মায়ামি জানায়, অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেসির বাম হ্যামস্ট্রিংয়ে মাংসপেশির অতিরিক্ত ক্লান্তিজনিত চাপ তৈরি হয়েছে।
এ বিষয়ে স্ক্যালোনি বলেন, তিনি ম্যাচটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তারা ট্রেনিং গ্রাউন্ডে বসে ম্যাচ দেখছিলেন এবং লক্ষ্য করেন মেসি নিজেই বদলি হতে চান, কারণ তিনি স্বস্তিতে ছিলেন না। প্রাথমিক রিপোর্ট খুব বেশি গুরুতর নয়, তবে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
তিনি আরও বলেন, স্বাভাবিকভাবেই তারা চান মেসি যেন কোনো সমস্যা ছাড়াই দলে যোগ দিতে পারেন। তবে শুধু তিনি নন, দলের অনেক খেলোয়াড়ই ছোটখাটো শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন। দ্রুত তাদের সম্পূর্ণ ফিট অবস্থায় ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।
এদিকে বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত দলে চমক থাকার ইঙ্গিতও দেন স্ক্যালোনি। তিনি বলেন, কিছু তরুণ খেলোয়াড় যেমন গিয়াই ও কাপালদো দলে সুযোগ পাওয়ার মতো সামর্থ্য রাখে। বাকি কয়েকজনও একইভাবে বিবেচনায় রয়েছে। ভবিষ্যতের পরিকল্পনার পাশাপাশি প্রাথমিক তালিকা ঘোষণার পর প্রয়োজন হলে পরিবর্তনের সুযোগও রাখা হচ্ছে বলে জানান তিনি।




