ভোলায় মেঘনা নদীতে কালবৈশাখীর তাণ্ডব, ৫টি মাছধরা নৌকা ডুবি – DesheBideshe

ভোলায় মেঘনা নদীতে কালবৈশাখীর তাণ্ডব, ৫টি মাছধরা নৌকা ডুবি – DesheBideshe


ভোলায় মেঘনা নদীতে কালবৈশাখীর তাণ্ডব, ৫টি মাছধরা নৌকা ডুবি – DesheBideshe

ভোলা, ২৭ মে – ভোলার সদর উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছধরা নৌকা ডুবে গেছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার শিবপুর ও ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। তবে নদীতে নিমজ্জিত নৌকাগুলোর হদিস এখনও মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জেলেরা জাল ও নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে গেলে হঠাৎ আবহাওয়া বৈরী হয়ে ওঠে এবং প্রবল ঝড় শুরু হয়। ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন এলাকায় মাছ ধরছিলেন দুলাল মাঝি, জামাল মাঝি ও ফিরোজ মাঝির নৌকা।

অন্যদিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে শামীম মাঝির একটি নৌকা ঝড়ের কবলে পড়ে। প্রবল বাতাসের তোড়ে এবং মেঘনার উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাগুলো একে একে ডুবে যায়। এ সময় জেলেরা চিৎকার করলে পার্শ্ববর্তী অন্য নৌকার জেলেরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। অনেকে আবার সাঁতরে তীরের কাছাকাছি পৌঁছে জীবন রক্ষা করতে সক্ষম হন।

ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহারাদার মো. জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের কবলে পড়ে মোট পাঁচটি নৌকা ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত চারজন জেলের পরিচয় পাওয়া গেলেও একজনের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, ঝড়ের খবর পাওয়ার পর নৌ পুলিশ খোঁজ নিয়েছে। এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজ থাকার তথ্য নেই এবং আক্রান্ত জেলেরা সবাই নিরাপদে রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

এনএন/ ২৭ মে ২০২৬



Scroll to Top