স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ | চ্যানেল আই অনলাইন

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ | চ্যানেল আই অনলাইন

১৯৫০ আসরের পর প্রথমবার স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়। সবশেষ কাতার বিশ্বকাপেও দানি কারভাহাল ও মার্কো আসেন্সিও ছিলেন। স্পেনের দল দেয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের দল নির্বাচন করতে গিয়ে তিনি কোন খেলোয়াড়ের ক্লাব পরিচয়কে গুরুত্ব দেননি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, জাতীয় দলের হয়ে মাঠে অবদান রাখার সক্ষমতা ও বর্তমান পারফরম্যান্স।

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয়ে ফুয়েন্তে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড় কেন দলে নেই? আমি দেখতে যাই না, কোন খেলোয়াড় কোন ক্লাব থেকে এসেছে। আমি কেবল দেখি, সে আমাদের সঙ্গে খেলতে সক্ষম কিনা। এরা সবাই জাতীয় দলের খেলোয়াড়, কোন নির্দিষ্ট ক্লাবের নয়। আমার মনে হয় না, আমার কোন গোপন উদ্দেশ‍্য আছে। আমি কাউকে উপদেশ দিতে পারি না। আমি কেবল চাই, দেশকে প্রতিনিধিত্ব করে ছেলেরা গর্বিত হোক।’

দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সেলোনার বিপরীত চিত্র দেখা গেল স্পেন দলে। টানা দুইবার লা লিগার শিরোপাজয়ী দলটির আট খেলোয়াড় আছে স্কোয়াডে। এছাড়া অ্যাথলেটিক বিলবাও ও অ্যাটলেটিকো মাদ্রিদের ৩ জন করে আছেন। ২৬ জনের দলে ১৭ জনই স্পেনের শীর্ষ লিগে খেলেন।

এর দিতে গিয়ে দে লা ফুয়েন্তে বলেছেন, ‘আমি জানি না, বার্সেলোনা থেকে আট জন না কত জন আছে। এরা সবাই জাতীয় দলের খেলোয়াড়। তারা কোন ক্লাবে খেলে, সেটাকে আমি গুরুত্ব দেই না।’

স্পেন ঐতিহাসিক প্রথম বিশ্বকাপ জয়ের ষোলো বছর পর এবারও শক্ত দাবিদার। মহাযজ্ঞ সামনে রেখে সোমবার দেয়া দলে জায়গা হয়নি ডিন হুইসেন, ফের্মিন লোপেজ, দানি কারভাহাল এবং আলভারো মোরাতার মতো অভিজ্ঞদের।

লা রোজা দল ‘এইচ’ গ্রুপে দুবারের বিজয়ী উরুগুয়ে, এশিয়ার সৌদি আরব এবং প্রথমবার অংশ নিতে চলা কেপ ভার্দের বিপক্ষে লড়বে।

নবাগত কেপ ভার্দের বিপক্ষে জুন ১৫ বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপ যাত্রা শুরু করবে স্পেন। বিশ্বকাপে যাওয়ার আগে স্পেন ৪ জুন ইরাক এবং ৮ জুন পেরুর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।

Scroll to Top