ত্রাণ বহরের কর্মীদের আটক: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল কানাডা – DesheBideshe

ত্রাণ বহরের কর্মীদের আটক: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল কানাডা – DesheBideshe


ত্রাণ বহরের কর্মীদের আটক: ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করল কানাডা – DesheBideshe

অটোয়া, ২১ মে – গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের আটক ও জোরপূর্বক সরিয়ে নেওয়ার ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা। দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটক কানাডীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বার্তায় জানিয়েছেন, কানাডার পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করার নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়া কানাডীয় নাগরিকদের অবস্থা এবং তাদের নিরাপত্তার বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা চাইতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

ত্রাণ বহরের আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, গাজামুখী এই নৌবহরে অন্তত ১১ জন কানাডীয় নাগরিক যুক্ত ছিলেন। মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা এই বহরের কর্মীদের ইসরায়েলি বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভীর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে আটক কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের চিত্র ফুটে উঠেছে বলে অভিযোগ করা হয়েছে। এই ভিডিও প্রসঙ্গে কার্নি জানান যে, কানাডা ইতোমধ্যে বেন গভীরের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সহিংসতায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার সম্পদ জব্দ করা হয়েছে এবং কানাডায় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে আন্তর্জাতিক সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও স্বেচ্ছাসেবীরা এই নৌবহরে অংশ নিয়েছিলেন।

তবে ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজার ওপর আরোপিত অবরোধের অংশ হিসেবে সমুদ্রপথে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে। বিশ্লেষকদের মতে, ফ্লোটিলার কর্মীদের আটককে কেন্দ্র করে কানাডা ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও ঘনীভূত হতে পারে।

এস এম/ ২১ মে ২০২৬



Scroll to Top