‘বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা’ | চ্যানেল আই অনলাইন

‘বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা’ | চ্যানেল আই অনলাইন

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে, এমনকি দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আরও জোরালো হচ্ছে।

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার মুখ খুললেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে শিশু রামিসার হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, “একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার!”

শাকিব খানের মতে, রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন,“এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মনে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে।”

বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তার ভাষায়, “এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা।”

একই সঙ্গে তিনি আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় এমন ব্যবস্থা নেওয়ার, যাতে আর কোনো রামিসাকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়।ৎ

পোস্টের শেষাংশে শাকিব খান লেখেন, “যেন আর কোনো সন্তানের পিতাকে বলতে না হয়—‘আমরা বিচার চাই না, এদেশে বিচার নাই!’”

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Scroll to Top