হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নজরদারি ব্যবস্থা চালু করল ইরান – DesheBideshe

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নজরদারি ব্যবস্থা চালু করল ইরান – DesheBideshe


হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নজরদারি ব্যবস্থা চালু করল ইরান – DesheBideshe

তেহরান, ২১ মে – হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন তদারকি ব্যবস্থা ও কঠোর অনুমতি প্রক্রিয়া কার্যকর করেছে ইরান। নতুন এই নীতিমালা অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জলপথ অতিক্রম করার আগে জাহাজগুলোকে অবশ্যই পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পূর্বানুমতি নিতে হবে।

বুধবার ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটি নতুন নজরদারি অঞ্চলের সীমানা ঘোষণা করেছে।

এই তদারকি অঞ্চলটি ইরানের কুহ মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ আল-ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুয়াইন পর্যন্ত বিস্তৃত। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত যোগাযোগ ফ্রিকোয়েন্সির আওতায় থাকা সব ধরনের জাহাজকে এই কৌশলগত জলপথ ব্যবহারের আগে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস জাহাজ চলাচলের ওপর অতিরিক্ত শর্ত আরোপ করেছে। এসব শর্তের মধ্যে জাহাজগুলোকে একটি হলফনামা জমা দিতে হবে যেখানে উল্লেখ থাকতে হবে যে সংশ্লিষ্ট জাহাজটির সঙ্গে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো সম্পর্ক নেই।

প্রতিবেদনে আরও জানানো হয়, নতুন এই প্রক্রিয়ার কারণে জাহাজ চলাচলে কয়েক দিন পর্যন্ত বিলম্ব হতে পারে এবং বড় অংকের ফি প্রদানের প্রয়োজন হতে পারে।

এছাড়া রাশিয়া ও চীনের পতাকাবাহী জাহাজগুলো বিশেষ সুবিধা পেতে পারে বলেও জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ওমানসহ কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে তেহরান। তিনি আরও বলেন, ইরান বিদেশি জাহাজগুলোর নিরাপদ যাতায়াত বজায় রাখতে চায় তবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন কোনো কর্মকাণ্ড তারা বরদাশত করবে না।

এনএন/ ২১ মে ২০২৬



Scroll to Top