চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একঝাঁক কর্মসূচি – DesheBideshe

চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একঝাঁক কর্মসূচি – DesheBideshe


চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী, ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল পুনঃখননসহ একঝাঁক কর্মসূচি – DesheBideshe

ঢাকা, ১৬ মে – জনসাধারণের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর রাজধানী ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। এক দিনের এই ব্যস্ত সফরে প্রধানমন্ত্রী চাঁদপুর ও কুমিল্লায় কয়েকটি বড় উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাঁদপুর ও কুমিল্লা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাঁর দিনব্যাপী কর্মসূচির সময়সূচি নিচে দেওয়া হলো:

  • বেলা ১১:৩০ টা (কুমিল্লা): যাত্রা পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি বিশাল পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
  • দুপুর ১২:৩০ টা (শাহরাস্তি, চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
  • দুপুর ০১:৪৫ টা (চাঁদপুর সদর): চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন ও অনুষ্ঠানে যোগ দেবেন।
  • দুপুর ০২:৩০ টা: চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে সংক্ষিপ্ত মধ্যাহ্নভোজ ও বিশ্রামের বিরতি নেবেন।
  • বিকেল ০৩:৩০ টা (চাঁদপুর সরকারি কলেজ মাঠ): চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত মূল অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে বহুল প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
  • বিকেল ০৫:০০ টা (চাঁদপুর ক্লাব): চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেবেন এবং স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
  • সন্ধ্যা ০৬:৩০ টা: সফর শেষে সড়কপথেই আবার ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কুমিল্লা ও চাঁদপুরের সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। বিশেষ করে দুটি জনগুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধনের ফলে স্থানীয় কৃষি ও জলাশয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী।

অন্যদিকে, বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড হস্তান্তরের মধ্য দিয়ে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। চাঁদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নেতার আগমনকে স্মরণীয় করে রাখতে তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তুলেছে পুরো শহর।

এনএন/ ১৬ মে ২০২৬



Scroll to Top