জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের রাতভর অবস্থান | চ্যানেল আই অনলাইন

জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের রাতভর অবস্থান | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হওয়ার পর আজ রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আজ (১৬ মে) শনিবার রাত ২টার দিকে বিভিন্ন আবাসিক হল থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ছাত্রীদের সবগুলো হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। ভোর ৫টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা নতুন করে আন্দোলনে নেমেছেন।

আন্দোলনকারীরা আরও বলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় আমরা প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ দাবি করছি। আসামিকে গ্রেপ্তার এবং প্রক্টরের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

অবস্থান কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের দেয়ালে ‘প্রশাসন ব্যর্থ’ লিখে প্রতিবাদ জানান। পাশাপাশি বিভিন্ন প্রতীকী খেলাধুলার আয়োজন করে প্রক্টরের পদত্যাগের দাবি তোলেন তারা।

এর আগে, গত ১৪ মে ভোর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে ছয় দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

Scroll to Top