
রংপুর, ১৫ মে – বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বহু জায়গায় সরকারি দল উল্টাপাল্টা কাজ করছে, যা জনগণের সাথে এক ধরনের তামাশা।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, প্রশাসক নিয়োগ: ৪২টি জেলায় কেন দলীয় লোকদের প্রশাসক হিসেবে বসাতে হবে? গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগোলে এর প্রয়োজন ছিল না।
নির্বাচনে জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, তাদের বড় বড় পদে বসানো হচ্ছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে একজন দুর্বল ও বিতর্কিত মানুষকে বসিয়ে প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি, প্রক্টর ও প্রভোস্ট পদে যোগ্যতার চেয়ে দলীয় আনুগত্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞানের চর্চা হবে, সেখানে সন্তানদের মানুষ করার বদলে দলীয় অনুগতদের বসানো হচ্ছে। এর কোনো জবাব সরকারের কাছে নেই।”
সাবেক সরকারের পতনের ইঙ্গিত দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মনে রাখবেন, আপনাদের পরিকল্পনাই ফাইনাল নয়, আল্লাহর মহাপরিকল্পনাই ফাইনাল। অতীতের সরকার সাড়ে ১৫ বছর সব সাজিয়েও দুই দিনের মাথায় তছনছ হয়ে গিয়েছিল।”
রংপুর অঞ্চলের উন্নয়ন নিয়ে জামায়াত আমির একটি বড় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “রংপুরকে আমরা বাস্তবেই কৃষির রাজধানী হিসেবে রূপান্তর করবো। এটা কেবল মুখের কথা নয়। সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক—যে উদ্যোগেই হোক না কেন, ইনশাআল্লাহ এই অঞ্চলের চেহারা বদলে দেওয়া হবে।”
এর আগে সকালে রংপুর পৌঁছালে মহানগর পুলিশের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়। দিনব্যাপী সফরে তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের দলীয় আমীর সম্মেলনে যোগ দেন এবং জুমার নামাজের পর একটি মসজিদ উদ্বোধন করেন। সবশেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তার সফর শেষ হয়।
এনএন/ ১৫ মে ২০২৬






