গাইবান্ধা সদর উপজেলায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম হাসান লিমন শেখ (২১)কে গ্রেপ্তার করেছে র্যাব। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম হাসান লিমন শেখ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকার জহুরুল ইসলাম শেখের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশু কুলসুম স্থানীয় সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার মা রোজিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গ্রেপ্তার লিমন শেখ ও শিশু কুলসুম প্রতিবেশী ছিলেন। সেই সূত্রে তিনি প্রায়ই শিশুটির বাড়িতে যাতায়াত করতেন এবং তাকে কুপ্রস্তাব দেওয়াসহ বিরক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ঘটনার কয়েকদিন আগে তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়।
এরপর ২০২৫ সালের ২৪ নভেম্বর এক প্রতিবেশী বাড়িতে এসে কুলসুমকে শয়নকক্ষের বাঁশের ধরণার সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে নামানো হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। সেদিনই সদর থানায় অপমৃত্যুর মামলা করা হয়। তবে ময়নাতদন্ত প্রতিবেদনে পরে উল্লেখ করা হয়, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। পরে চলতি মাসের ১২ মে রাতের দিকে শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধার একটি দল ১৩ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা সদর উপজেলার খামার বল্লমঝাড় গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



