মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। উপজেলার রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাজানগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় রাস্তার পাশের দুটি সরকারি গাছ কেটে নিয়ে যান ইউপি সদস্য সাইফুল ইসলাম। তবে ওই সময় তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একই এলাকার রাস্তার পাশের আরও একটি বড় সরকারি গাছ কাটার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এলাকাবাসীর অভিযোগ, সাইফুল মেম্বার দীর্ঘদিন ধরে মাটি কাটা, সালিশ বাণিজ্য, সরকারি সম্পত্তি দখল এবং সরকারি গাছ কাটাসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলাও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এসিল্যান্ডের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, যেখানে গাছ কাটা হয়েছে সেখানে কয়েকটি গাছ লাগিয়ে দিতে।”
এর আগেও সরকারি গাছ কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো স্পষ্ট জবাব দেননি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনি যা লেখার লিখেন।”
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল এবং এসিল্যান্ডও নিষেধ করেছিলেন। কিন্তু অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটা হয়েছে। তাকে ডেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।



