ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক।
বৃহস্পতিবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। ধারণা করা হচ্ছে বাণিজ্য সংঘাতের পাশাপাশি এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর জট খোলার সমীকরণ।
স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।
আজ জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ট্রাম্প। এই ঐতিহাসিক ভবনটি ১৯৫৯ সালে চীন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল। তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত এই হলটিতে চীন বিদেশি গণ্যমান্য ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করে।
হলে পৌঁছানোর পর ট্রাম্পকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ এবং ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।
ট্রাম্প স্যালুট জানান, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং লাল ও সোনালি রঙের মঞ্চে তার পাশে দাঁড়িয়ে ছিলেন।
এরপর চীনের জাতীয় সংগীত বাজানো হয়।



