হামের টিকা বিষয়ে তদন্ত ও মার্কিন চুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

হামের টিকা বিষয়ে তদন্ত ও মার্কিন চুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, হামের টিকা কেন সময়মতো কেনা হয়নি এবং কেন শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে তা তদন্তে আন্তর্জাতিক মানের একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ বলেন, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনাগুলোর সবকিছুই যাচাই-বাছাই করবে ওই কমিটি। আন্তর্জাতিক ও দেশীয় বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। তদন্তে কোনো শাস্তিযোগ্য অপরাধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এ ঘটনায় সরকারের কোনো ঘাটতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে হামের জন্য জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন নেই। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে তিনি জ্বালানি সংকট নিরসনে সরকারের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, দেশে আরও একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার নির্মাণ করা হচ্ছে। নতুন এই শোধনাগারে বছরে প্রায় তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তি বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, চুক্তিটির লাভ-ক্ষতি সরকার নিজস্বভাবে পর্যালোচনা করবে। কোথাও রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, চুক্তিতে ছয় মাসের নোটিশ দিয়ে তা বাতিল করার সুযোগ রয়েছে। তবে এমন সিদ্ধান্ত নিলে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি। সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে বলে জানান ডা. জাহেদ উর রহমান।

Scroll to Top