দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অবশেষে সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং বিধি ৩(ঘ) অনুযায়ী দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ দায়ের করা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সাভার সাব-রেজিস্ট্রি অফিস থেকে প্রত্যাহার করে মহাপরিদর্শক নিবন্ধন দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে দ্রুত বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আযিযুর রহমানের যৌথ স্বাক্ষরে আদেশটি জারি করা হয়। এ বিষয়ে জানতে সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগের পেছনের প্রেক্ষাপট
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাকির হোসেনের বিরুদ্ধে জমির শ্রেণি পরিবর্তন, ভুয়া দাতা সাজিয়ে জাল দলিল তৈরি, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি এবং পে-অর্ডার জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

সাভার উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, বিলামালিয়া ও বড় বরদেশী মৌজার সিলিকন সিটি এলাকার জমি রেজিস্ট্রেশন ও মিউটেশনের ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরে আদালতের ওই নির্দেশনা বহাল থাকলেও জাকির হোসেন দায়িত্ব গ্রহণের পর তা অমান্য করে গোপনে অর্থের বিনিময়ে দলিল সম্পাদন করেছেন।
প্রশাসনের পদক্ষেপ
সাব-রেজিস্ট্রারের এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়। পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সংশ্লিষ্টরা মনে করছেন, চলমান তদন্ত ও বিভাগীয় মামলার মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



