মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe

মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe


মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ২ মে – মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইসরায়েল, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮ দশমিক ৬ বিলিয়ন বা ৮৬০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই বিশাল অংকের অস্ত্র বিক্রির সিদ্ধান্তের কথা জানায়।

ইরানের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই পদক্ষেপ এই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের ঘোষণা অনুযায়ী কাতারকে ৪ দশমিক ০১ বিলিয়ন ডলার মূল্যের প্যাট্রিয়ট আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৯৯২ দশমিক ৪ মিলিয়ন ডলারের লেজার নির্দেশিত অস্ত্র কিট সরবরাহ করা হবে।

কুয়েতের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের একটি সমন্বিত যুদ্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুমোদিত হয়েছে। এছাড়া ইসরায়েল ৯৯২ দশমিক ৪ মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত ১৪৭ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যের উন্নত অস্ত্র সরঞ্জাম পাবে। বিএই সিস্টেমস এই চুক্তির অন্যতম প্রধান ঠিকাদার হিসেবে কাজ করছে।

এছাড়া কুয়েত ও কাতারের সরঞ্জাম সরবরাহের দায়িত্বে রয়েছে আরটিএক্স, লকহিড মার্টিন এবং নর্থরপ গ্রুম্যান। সম্প্রতি মধ্যপ্রাচ্যে ৩০টি কার্গো বিমানে করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ওয়াশিংটন যার বড় অংশই পেয়েছে ইসরায়েল।

বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের ওপর সাম্প্রতিক হামলা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের পর মার্কিন এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের ঘটনা ঘটেছিল যা এখনো এই অঞ্চলে গভীর প্রভাব ফেলছে।

এস এম/ ২ মে ২০২৬



Scroll to Top