বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড | চ্যানেল আই অনলাইন

২০২৬ বিশ্বকাপে মাঠে প্রতিপক্ষের সঙ্গে তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বললে লাল কার্ড দেখতে হতে পারে ফুটবলারদের। শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) একটি বিশেষ সভায় ফিফার প্রস্তাবিত দুটি নিয়ম অনুমোদিত হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) জানিয়েছে, নিয়ম দুটি প্রথমে পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ থাকবে। বিভিন্ন প্রতিযোগিতায় প্রয়োগ করে এর কার্যকারিতা যাচাই করা হবে। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতোমধ্যেই নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপেই এই নিয়মগুলো কার্যকর করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে কোনো খেলোয়াড় যদি নিজের মুখ ঢেকে কথা বলেন, তবে সেটিকে সন্দেহজনক আচরণ হিসেবে বিবেচনা করা হবে। প্রতিযোগিতা আয়োজকদের বিবেচনায় এমন পরিস্থিতিতে সরাসরি লাল কার্ড দেখানোর সুযোগ থাকবে। মূলত, মুখ ঢেকে গোপনে বৈষম্যমূলক বা আপত্তিকর মন্তব্য করার প্রবণতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একইসঙ্গে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যাওয়া বা দলীয় কর্মকর্তাদের পক্ষ থেকে খেলোয়াড়দের মাঠ ত্যাগে উসকানি দেয়ার ঘটনাকেও কঠোরভাবে দমন করতে চায় ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থাটি।

নতুন নিয়মে, এ ধরনের আচরণের জন্যও রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে পারবেন। এমনকি কোনো দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, নীতিগতভাবে সেই দলকে পরাজিত ঘোষণা করা হবে।

Scroll to Top