হাওরাঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ের নোটিশের পর সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, প্রবল বর্ষণে হাওরের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে এবং কৃষকেরা ধান কাটতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি উদ্বেগজনক। তিনি জানান, তিন দিন আগে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে সংশ্লিষ্ট তিন জেলার স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রী আরও বলেন, অধিবেশন শুরুর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, ওই তিন জেলা ছাড়াও ময়মনসিংহের কিছু এলাকা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।





