
পাবনা, ২৮ এপ্রিল – পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে এক ঐতিহাসিক ও নতুন অধ্যায়ের সূচনা হলো।
মঙ্গলবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই লোডিং কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি, আন্তর্জাতিক অংশীদার এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, রূপপুর প্রকল্প কেবল একটি বিদ্যুৎকেন্দ্র নয় বরং এটি আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য নিদর্শন। এই প্রকল্প বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তার মতে, প্রকল্পটি জ্ঞানভিত্তিক এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনের পথে একটি মজবুত ভিত্তি তৈরি করছে।
রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কারিগরি সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে যা এর নিরাপত্তা নিশ্চিত করেছে।
রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ অনুষ্ঠানে জানান, বাংলাদেশ এখন শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে একটি স্বীকৃত অবস্থানে পৌঁছেছে। বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও নির্মাণকাজ অব্যাহত ছিল এবং এখন প্রকল্পটি সফলভাবে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, দ্বিতীয় ইউনিটের কাজও দ্রুত গতিতে চলছে এবং আগামী বছর সেখানে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৯০০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, ২০১৭ সালে শুরু হওয়া এই বৃহৎ কর্মযজ্ঞ এখন পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। দক্ষ জনশক্তি ও অবকাঠামো নির্মাণের ওপর সমান গুরুত্ব দিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়া হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন যে, এই বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশবান্ধব এই বিদ্যুৎকেন্দ্রটি দীর্ঘ মেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬





