
ঢাকা, ২৮ এপ্রিল – মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে আর নতুন করে বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদে সংসদীয় কার্যক্রম পরিচালনার সময় তিনি সব রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার এই অনুরোধ জানান।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
সরকারি দলের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলের প্রতিবাদের প্রেক্ষিতে তিনি ফ্লোর গ্রহণ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ অধিবেশনে আলোচনার সময় মাঝেমধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে ইতিহাস চর্চার ক্ষেত্রে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি নিজে স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ এবং সংসদ সদস্যদের মধ্যেও বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন। বিরোধী দলেও শহীদ পরিবারের সন্তান ও মুক্তিযোদ্ধারা আছেন যা অত্যন্ত গর্বের বিষয়।
সংসদের মর্যাদা ও কার্যপদ্ধতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের সমস্ত কার্যপ্রবাহ এমনভাবে পরিচালনা করা উচিত যেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে শিক্ষা নিতে পারে। জাতীয় প্রত্যাশা পূরণের লক্ষ্যেই সবাই এই মহান সংসদে উপস্থিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ২৮ এপ্রিল ২০২৬





